শাহিন খান,পটুয়াখালী।।
ডেনমার্ক প্রবাসী কে.বি.এম রেফাতুল হক মিঠু আর নেই। তিনি শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে পটুয়াখালী জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম কে.বি.এম রেফাতুল হক মিঠু ছিলেন পটুয়াখালী প্রেসক্লাব-এর সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট কে বি এম শামসুল হক এবং পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয় ও সরকারি জুবিলী স্কুলের সাবেক প্রধান শিক্ষক নার্গিস আরা হক (পারুল)-এর জ্যেষ্ঠ সন্তান। তিনি দীর্ঘদিন ধরে ডেনমার্ক-এ বসবাস করছিলেন। প্রায় এক মাস আগে তিনি দেশে এসে আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটিয়ে পুনরায় কর্মস্থলে ফিরে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসাধীন রাখা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। মরহুমের এক চাচা জানান, এমন আকস্মিক মৃত্যুসংবাদে পরিবার মোটেই প্রস্তুত ছিল না। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে পটুয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন ও মাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মরহুম কে.বি.এম রেফাতুল হক মিঠুর নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
