জলবায়ু সুবিচার, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং উপকূল রক্ষার দাবিতে পটুয়াখালীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে শহরের ঝাউতলা এলাকায় এ স্ট্রাইক অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতি, নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও পরিবেশ বিপর্যয়ের বিষয় তুলে ধরেন।
তারা জানান, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠী অন্যতম। তাই বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিতের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন উপকূল রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে উন্নত দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।
এসময় বক্তব্য রাখেন হাসিবুর রহমান, জহিরুল ইসলাম, বৃষ্টি আক্তার, মাহবুব রহমান, মো. রেদোয়ান হোসাইন, আরিফুল ইসলাম এবং মো. মহিবুল্লাহ।
উক্ত আয়োজনের উপস্থাপনা করেন আহম্মেদ কাওসার ইবু।
কর্মসূচিতে 350 Bangladesh, Green Peace Youth Development Society (GPYDS), পটুয়াখালী ইয়ুথ ফোরাম (PYF), ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (DYF), Volunteer for Bangladesh (VBD) এবং ইয়ুথ পাওয়ার পটুয়াখালীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
