পটুয়াখালীতে সোহাগ খান নামের একজন গাড়িচালকের ভালোবাসায় মুগ্ধ একটি বাজপাখি। নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে ও বিশ্বাস করে পাখিটি তার নিজ হাত থেকেই খাবার খায়। সারাদিন বাসায় না থাকলেও পাখিটি মাঠে গাছে ঘুরে বেড়ায়। বিকালে সোহাগ বাসায় আসলে পাখিটিও হাজির হয়। ডাক দিলেই ছুটে আসে সোহাগের হাতে এসে বসে। এই অভূতপূর্ব দৃশ্য সদর উপজেলার বদরপুর দরবার শরীপের পাশে।
প্রায় তিন মাস আগে বাড়ির পাশে একটি তালগাছের নিচে বাজপাখিটিকে কুড়িয়ে পান সোহাগ খান। তখন পাখিটি ছিল আহত ও দুর্বল। পরে তিনি সেটিকে নিজ হাতে যত্নে লালন-পালন করতে শুরু করেন।
ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠলে একসময় তাকে উন্মুক্ত করে দেন। তবে মুক্ত আকাশে উড়ে যাওয়ার সুযোগ পেলেও পাখিটি তাকে ছেড়ে কোথাও যায় না। এখন তিনি ডাক দিলেই যেখানেই থাকুক না কেন, সাড়া দিয়ে উড়ে চলে আসে তার কাছে। এরপর সোহাগ খানের হাতেই বসে খাবার খায় পাখিটি।
তাদের এমন বন্ধুত্ব দেখে মুগ্ধ হচ্ছেন এলাকাবাসী। পাখিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
অনেকেই বলছেন, মানুষে মানুষে যেখানে ভালোবাসা ও বিশ্বাস কমে যাচ্ছে, সেখানে একটি বন্য পাখির এমন নির্ভরতা সত্যিই বিরল ও হৃদয়স্পর্শী ঘটনা। মানুষ ও বাজপাখির এই ব্যতিক্রমী সম্পর্ক এখন এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়েছে।
