দশমিনা প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরে মাছ ধরার প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিতোষ সাধু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সানকিপুর এলাকার সাধু বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিতোষ সাধু ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন সাধুর দ্বিতীয় ছেলে।তিনি পেশায় একজন চুল কাটার সেলুনের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিতোষ সাধু বাড়ির পূর্ব পাশে পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা দ্রুত তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা জানান, পরিতোষ সাধুকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। পরে নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
