দশমিনা প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭নং চরবোরহান ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয় থেকে নিজ নিজ বাড়িতে চলে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যালয়ে গিয়ে তাঁরা দরজার তালা ভাঙা দেখতে পান। সন্দেহ হলে ভেতরে প্রবেশ করে দেখতে পান, কার্যালয়ের ৩২ ইঞ্চি এলইডি টিভি, ৪০টি চেয়ার, দুই ডজন কাপ-পিরিচ, একটি আকাশ ডিশ সংযোগের সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় চরবোরহান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভা থেকে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউল গাজী জানান, মাগরিবের নামাজের পর তিনি ফোনে জানতে পারেন, পাগলা বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে মালামাল চুরি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি কার্যালয়ের ভেতরে কোনো মালামাল দেখতে পাননি। তাঁর দাবি, ঘটনাটি পরিকল্পিত। বিএনপির কার্যালয়ে এ ধরনের চুরির ঘটনা কোনো সাধারণ বিষয় নয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
চরবোরহান ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনূস হাওলাদার ও সাধারণ সম্পাদক সুমন হাওলাদার জানান, বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢুকে প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরির ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। এটি পরিকল্পিত বলে তাঁদের ধারণা। তাঁরা বিষয়টি উপজেলা বিএনপির সভাপতিকে জানিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তাঁরা।
উপজেলা বিএনপির সভাপতি মোঃছিদ্দিক মোল্লা বলেন, ঘটনার বিষয়টি তাঁকে জানানো হয়েছে। এ বিষয়ে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রাত বেশি হওয়ায় পরদিন শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আতিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘটনাটি দেখেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
