ঢাকাWednesday , 4 November 2026
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দর নির্ধারণের দাবি ঠিকাদারদের

adminptk112233
November 4, 2026 2:38 pm
Link Copied!

‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালিকাভুক্ত ঠিকাদাররা।
বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় মত বিনিময় সভায় ঠিকাদাররা সরকারি উন্নয়নকাজের দরপত্রে নির্ধারিত মালামালের মূল্য বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানান। তাঁদের অভিযোগ, সরকারি কাজের দরপত্রে মালামালের যে মূল্য নির্ধারণ করা হয়েছে, তা বর্তমান বাজারমূল্যের তুলনায় অনেক কম। ফলে নির্ধারিত দরে কাজ সম্পন্ন করতে গেলে ঠিকাদারদের নিজস্ব অর্থ থেকে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। এতে সাধারণ ঠিকাদাররা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং ঠিকাদারি ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
মতবিনিময় সভায় ঠিকাদাররা জানান, তাঁরা পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত হয়ে বাৎসরিক ফি পরিশোধের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের দরপত্রে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন।
তাঁরা আরও বলেন, ঠিকাদারি ব্যবসাই তাঁদের একমাত্র আয়ের উৎস। এই ব্যবসার ওপর নির্ভর করেই স্ত্রী, সন্তান, বাবা-মাসহ পরিবারের সদস্যদের ভরণপোষণ করতে হয়। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কাজের নতুন দর নির্ধারণ করা না হলে সাধারণ ঠিকাদাররা আরও আর্থিক সংকটে পড়বেন। এতে তাঁদের ব্যবসা পরিচালনা ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হবে।
এ সময় ঠিকাদাররা তাঁদের ন্যায্য দাবি আদায় এবং পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ‘পটুয়াখালী জেলা ঠিকাদার কল্যাণ সমিতি’ নামে একটি অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন গঠনের উদ্যোগের কথা জানান।
তাঁরা সাংবাদিকদের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বর্তমান বাজারদরের ভিত্তিতে সরকারি উন্নয়নকাজের দর পুনর্নির্ধারণ এবং সাধারণ ঠিকাদারদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় ঠিকাদারদের পক্ষে বক্তব্য তুলে ধরেন মো. মশিউর রহমান মিলন, স্বত্বাধিকারী, মেসার্স আরিক কনস্ট্রাকশন, থানাপাড়া, পটুয়াখালী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।