মাহবুব রহমান, পটুয়াখালী প্রতিনিধি:
৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম আলভী।
রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলাফলে তাঁকে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়।আমিনুল ইসলাম আলভী ৪১তম বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি পটুয়াখালী সরকারি কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
নির্বাচিত হওয়ার পর ফোরাম নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমিনুল ইসলাম আলভী বলেন, “আমি ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামকে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ, কার্যকর ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তের সরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই হবে আমার অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, “সর্বোপরি, আমি চাই ফোরামটি এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক, যেখানে ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে সবাই সহকর্মী, দায়িত্বশীল কর্মকর্তা এবং একটি বৃহত্তর শিক্ষাপরিবারের সদস্য হিসেবে কাজ করবেন।”
