এম রহমান, পটুয়াখালী
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় নুরু হাওলাদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরু হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের কেরাতপপোর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে এবং জেলা যুবদলের একজন ত্যাগী কর্মী ছিলেন বলে জেলা যুবদল নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি গাছ কাটার মিলে কাজ করছিলেন নুরু হাওলাদার। এ সময় তিনি কাঁধে করে গাছ বহন করছিলেন। তখন পাশ দিয়ে যাওয়া একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
