ডেক্সঃ
পটুয়াখালীর দুটি কলেজ থেকে দুইজন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে।
কলেজ দুটি হলো সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে সাবিনা আক্তার স্কুল এন্ড কলেজ এবং মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ।
জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এমন ফলাফলে প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম ও পরিচালনা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালে সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার কার্যক্রম শুরু হয়। তবে প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও নিয়মিত পাঠদান কার্যক্রম গড়ে ওঠেনি। প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে অধ্যক্ষ ছাড়া কলেজ শাখায় আর কোনো শিক্ষক নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানপ্রধান আবু তালেব।
তিনি জানান, আফরিন আক্তার নামের একজন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেও অকৃতকার্য হয়েছে। আমরা চেষ্টা করবো আগামীতে ভাল ফলাফল করানোর জন্য।
অন্যদিকে ২০০২ সালে প্রতিষ্ঠিত মজিদবাড়িয়া কলেজ থেকে মানবিক বিভাগ থেকে মোঃ রাজু আহমেদ নামে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে অকৃতকার্য হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক ইকবালের দাবী, কলেজটিতে আটজন শিক্ষক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এখনও কলেজটি এমপিও ভুক্ত না হওয়ায় ভাল শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আসেনা।
জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে অকৃতকার্য হবার বিষয়টি আমি জেনেছি। আরো বিস্তারিত জেনে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
