মির্জাগঞ্জ সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোসা. ইসরাত জাহান যুথি’র অকাল মৃত্যুতে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসি দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল এগােটায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমানের মহাসড়কে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল হালিম,সহকারী শিক্ষক মাওনানা মোঃ আবদুল আবদুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সী।
এ সময় বক্তারা মামলার তদন্ত প্রতিবেদন দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য , গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির টেস্ট পরিক্ষা দিতে বাড়ি থেকে বের হলে সে আর বাড়ি ফিরেনি। পরিক্ষা শেষে বাড়ি না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নেন এবং সে বিদ্যালয়ে যায়নি বলে জানান শিক্ষকরা। নিখোঁজের পর ৫ নভেম্বর সকালে তাদের নিজ বাড়ির পাশে পানের বরজের পাশে যুথির জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশে তার মরাদেহ দেখতে পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেন।
