এম ফোরকান, বাউফল
পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের একমাত্র খেলার মাঠ দখলের অপচেষ্টা এবং নির্মাণাধীন সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সরকারি কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন, বাউফল সরকারি কলেজের ছাত্রদলের সহ-সভাপতি ইফতেকার রাসুল সাইমুন। তিনি বলেন, আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে এই মাঠ। এখানে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে আসছি। খেলার মাঠ রক্ষা করা আমাদের ন্যায্য অধিকার। কোনো প্রভাবশালী মহল যদি এটি দখল করতে চায়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, সরকারি কলেজের খেলার মাঠ শিক্ষার্থীদের একমাত্র বিনোদন ও ক্রীড়া চর্চার জায়গা। স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মাঠটি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি কলেজ প্রশাসনের উদ্যোগে খেলার মাঠ রক্ষায় সীমানা প্রাচীর নির্মাণ শুরু হলে ওই প্রভাবশালী মহল নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে শিক্ষার্থীদের ক্ষোভ চরমে পৌঁছেছে।
এসময় সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের প্রতি মাঠের প্রাচীর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জানান এবং দখলবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কলেজের শতাধিক শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
