দুমকি প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক শ্রমিকদল নেতা মো. দেলোয়ার হোসেন হাওলাদারকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জুয়েলের বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসছিল। এসময় প্রতিবেশী ও ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সেখানে গিয়ে পাঁচশ টাকা বখরা দাবি করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
শোরগোল শুনে আশপাশের লোকজন ছুটে এলে জুয়েলের পক্ষ থেকে দেলোয়ারকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। জুয়েল অভিযোগ করেন, দেলোয়ার দা হাতে নিয়ে তার বাড়িতে ঢুকে খুনের উদ্দেশ্যে হামলা চালায়। তবে দেলোয়ারের পরিবারের দাবি, প্রতিদিনের মতো বাড়ি ফেরার পথে শব্দ শুনে তিনি ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন।
খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক মাসুদ প্যাদা ঘটনাস্থলে যান। কিছুক্ষণ পর পুলিশ পৌঁছে দেলোয়ারকে থানায় নিয়ে যায়।
দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, রাতের ডিউটিরত কর্মকর্তা ঘটনাস্থল থেকে দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনেন। এ ঘটনায় কোনো পক্ষ থেকেই অভিযোগ পাওয়া যায়নি। দেলোয়ারের পরিবারের কেউ থানায় এলে তাকে ছেড়ে দেয়া হবে।
